৮০টি টিয়া পাখিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)। গতকাল সোমবার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারি শুল্ক, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখি গুলো নিয়ে আসছিলেন।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন