পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, বন্ধ ২৬ কারখানা

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার সকালে নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্টদের জানানো হবে। প্রসঙ্গত, গতকাল বেলা ১১টায় রাজধানীর শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খবর বাসসের।

মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

বিডিনিউজ জানায় : বিজিএমইএ ও বিকেএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে। অপরদিকে, মালিকপক্ষের প্রস্তাব গ্রহণের দিন শ্রমিক প্রতিনিধির অনুপস্থিতিকে ‘খোঁড়া যুক্তি’ বলে দাবি করেন শ্রমিক নেত্রী ‘মোশরেফা মিশু’। তিনি বলেন, “মজুরি বোর্ডের কোনো এক সদস্য অসুস্থ, বিশেষ করে আনোয়ার হোসেন সাহেব। মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। এখানে শ্রমিকপক্ষের প্রতিনিধি না থাকলে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণে সমস্যা দেখছি না।’

গাজীপুরে দিনভর শ্রমিক বিক্ষোভ, বন্ধ ২৬ কারখানা : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দিনভর শ্রমিক বিক্ষোভের মধ্যে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বেশ কিছু কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘আকভান’ রূপ নিয়েছে নিম্নচাপে, ৪ সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত