নগরীতে সিডিএর প্রথম আবাসিক প্রকল্প আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১.৭৩ একরের একটি অ্যাপার্টমেন্ট প্লটে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিডিএ। সিডিএর অথোরাইজড–২ এর আওতাধীন এই প্লটের প্রায় এক একর জায়গায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা পে–লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্থানীয় বাসিন্দারা করতালির মাধ্যমে সিডিএ চেয়ারম্যান ও অভিযান পরিচালনাকারী দলকে স্বাগত জানান। নিজের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে কঠোর পদক্ষেপের মাধ্যমে বালুর মাঠে উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা দখলদারদের কবলে ছিল। সেখানে গড়ে উঠেছিল মাদকের আখড়া। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর সিডিএ চেয়ারম্যান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা বালুর মাঠ হিসেবে পরিচিত ১.৭৩ একরের ওই অ্যাপার্টমেন্ট প্লটটিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মাদকের আখড়ার বিষয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেন এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
চেয়ারম্যানের কঠোর অবস্থানের ধারাবাহিকতায় গতকাল রোববার সিডিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি–২ এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার–২ তানজিব হোসেন অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে পে–লোডার ব্যবহার করে প্লটটিতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ হিসেবে ব্যবহৃত বেশ কিছু শেড, রয়ালস অটো কেয়ার নামে একটি গ্যারেজ, ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস, এমিগো স্পোর্টস সেন্টার (টার্ফ ও ক্লাব), নিউ রাহি ফার্নিচার মার্ট, চৌধুরী সুপারশপ এবং ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মানবিক দিক বিবেচনায় অভিযানের সময় এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম এবং চৌধুরী সুপারশপের মালামাল সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দুদিনের সময় দেওয়া হয়েছে। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরবাসীর প্রতি অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।











