দখিনা স্পোর্টস আয়োজিত দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরে গতকাল সোমবারের ২টি খেলাই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ভেটেরিনারি ইউনিভার্সিটি ও ইউএসটিসি’র খেলাটি ২–২ গোলে ড্র হলেও দ্বিতীয় খেলায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যেকার খেলায় কোন পক্ষই গোল করতে পারেনি। তবে, গোল না হওয়া ম্যাচে তুলনামূলকভাবে বেশ ভালো খেলেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অব্যর্থ ৩টি সুযোগ থেকে তাদের গোল না পাওয়াটা নিছক দূর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। পক্ষান্তরে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র খেলা রক্ষণভাগ থেকে মধ্যমাঠ পর্যন্ত কক্ষ পথে থাকলেও আক্রমণ ভাগে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। তবে তাদের কিপার মুনতাসীর অনমনীয় দৃঢ়তা দেখান। মূলত: তার কারণেই গোল বঞ্চিত হয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মুনতাসীর ম্যাচ সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহারিয়ার। অন্যদিকে ভেটেরিনারি ইউনিভার্সিটি ও ইউএসটিসি’র আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর ২–২ গোলে ড্র হওয়া দিনের প্রথম খেলাটি দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রী সমর্থকদের বেশ আনন্দ দিয়েছে। এ খেলায় যে কেউ জিততে পারতো, সেরকম সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেটেরিনারি ইউনিভার্সিটি ও ইউএসটিসি দলকে ১ পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। খেলার শুরুতেই মামুনের গোলে এগিয়ে যায় ইউএসটিসি। দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস থেকে মামুনের হেড সাইডবারে লেগে জালে ঢোকে (১–০)। এভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে লড়াই করতে থাকে ভেটেরিনারি ইউনিভার্সিটি। ফলশ্রুতিতে ২৫ মিনিটের ব্যবধানে পরপর ২টি গোল করে এগিয়ে যায় ভেটেরিনারি ইউনিভার্সিটি। দুটি গোলই করেন দলীয় অধিনায়ক তানভির (২–১)। এভাবে জয়ে খেলা শেষ করার পথে এগুচ্ছিলো ভেটেরিনারি ইউনিভার্সিটি। কিন্তু খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে সংঘবদ্ধ এক আক্রমণ থেকে গোল করে ভেটেরিনারি ইউনিভার্সিটি’র জয় ঠেকিয়ে দেন ইউএসটিসি’র রোহান (২–২)। ফলে দু–দলই ১ পয়েন্ট করে নিয়ে ঘরে ফিরে যায়। খেলা শেষে সেরা খেলোয়াড় ভেটেরিনারি ইউনিভার্সিটির অধিনায়ক তানভিরের হাতে পুরস্কার তুলে দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
আজকের খেলা: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বনাম বান্দরবান ইউনিভার্সিটি (দুপুর ২ টা), সাউদার্ন ইউনিভার্সিটি বনাম প্রিমিয়ার ইউনিভার্সিটি (বিকেল ৩টা ২০ মিনিট)










