চকরিয়ায় গোপন বৈঠক থেকে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৪টি মোটরসাইকেল জব্দ, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

জেলহত্যা দিবস পালন উপলক্ষে কঙবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠক ঘেরাও করেছে পুলিশ। এ সময় যাচাই শেষে ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সাথে বৈঠকস্থল থেকে জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল। এই ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মৎস্য প্রকল্পে এই অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান। গতকাল বুধবার রাতে পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়– গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ‘জেলহত্যা দিবস’ পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০–২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছিলেন। বেলা পৌনে দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় গ্যাস গ্রিডে সরবরাহে ঘাটতি হলেও চট্টগ্রামে মোটামুটি স্বাভাবিক
পরবর্তী নিবন্ধনগরে সাড়ে দশ হাজার নষ্ট-অচল মিটার পরিবর্তন করছে ওয়াসা