লেগুনার সিটের নিচে মিলল অস্ত্র ও কার্তুজ, একজন গ্রেপ্তার

বায়েজিদ বোস্তামী এলাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনা থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা নিজাম উদ্দিন (২৮) নামের আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন। গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার তাজুল ইসলামের ছেলে। মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল সোমবার সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ–পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে টেঙটাইল এলাকায় দুই ব্যক্তি অস্ত্র–গুলি কেনাবেচা করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল (গত রবিবার) বিকাল সোয়া ৫টায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় নিজাম উদ্দিন (২৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে ওই লেগুনার চালকের সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে মিজানুর নিজের কাছে রেখেছিলেন বলে জানায়। অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধেও হালিশহর থানায় একটি প্রতারণা মামলা রুজু রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সকালে অপহৃত স্কুল শিক্ষক সন্ধ্যায় উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২