ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দুটি ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামে এক ট্রাকসহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক মানিক (৩৫) ও অপর সহকারী বিল্লাল (৩৭) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারইয়ারহাটের মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের সহকারী মিলন নিহত হন। এ সময় চালক ও অপর সহকারী গুরুতর আহত হন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পেছনের ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












