জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে সিলেটকে ২১৮ রানে অল আউট করে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৬৪ রান করেছে। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমে শুরুটা দারুণ করলেন চট্টগ্রামের হাসান মুরাদ। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার। তার সঙ্গে অফ স্পিনার আশরাফুল হাসান ৩ উইকেট নিলে ২১৮ রানে গুটিয়ে যায় সিলেট। আগের রাউন্ডে বড় ইনিংস খেলা জাকির হাসান ও অমিত হাসান হতাশ করেন এবার। মুবিন আহমেদ দিশান ভালো শুরু করেও ফিরে যান অল্পে। ছয় নম্বরে নেমে কিছুক্ষণ দলকে এগিয়ে নেন আশরাফুল হাসান। আগের চার রাউন্ডে দুটি সেঞ্চুরি করা তরুণ ব্যাটসম্যান এবার খেলেন ৫১ রানের ইনিংস। শেষ দিকে পাল্টা আক্রমণ করেন সৈয়দ খালেদ আহমেদ ও ইকবাল হোসেন। দশম উইকেটে মাত্র ২৩ বলে ৪১ রান যোগ করেন দুজন। খালেদ ২৪ বলে ২৮ ও ইকবাল ৮ বলে ১৩ রান করে দলকে দুইশ পার করান। দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। কিন্তু শেষ ওভারে অনিয়মিত স্পিনার আসাদুল্লাহ আল গালিবের বলে আউট হয়ে যান ২৮ রান করা সাদিকুর। ৩৫ রানে অপরাজিত আছেন জয়। তার সাথে বিনা রানে আছেন আশরাফুল।












