দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর। খবর বিডিনিউজের।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪০০ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৫৫ জনের। গতকাল মঙ্গলবার বুলেটিনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৯৯ জন ভর্তি হয়েছেন। আর অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০, ময়মনসিংহে ৯৭, রাজশাহী ২২৯, রংপুরে ১১২ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
হাম : গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৩৫ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০০ জন, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৭, খুলনায় ৫৪ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪১০ জন, চট্টগ্রামে ২৪৮, সিলেটে ১০০, বরিশালে ১১৬, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৩৫ ও রাজশাহীতে ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন। চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন। যার মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।












