চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠক

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজারের বেশি। বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন দু‘শতাধিক রোগী। বিগত চব্বিশ ঘন্টায় শতাধিক ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি এবং অন্তত এক জনের মৃত্যুর সংবাদ এসেছে।

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ (চমেকহা) বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে অসংখ্য শিশু ও রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালের একটি বেডে একাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। চলতি বছর হাম উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৪৭ জনের মৃত্যুর তথ্য এসেছে।

শনিবার রাতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জালালাবাদ, চান্দগাঁও, উত্তর পাহাড়তলী, লালখান বাজার, পূর্ব বাকলিয়া, আলকরণ, দক্ষিণ–মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর ও উত্তর পতেঙ্গাসহ উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোসহ পুরো মহানগরী এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশনের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম এবং লার্ভিসাইড ছিটানোসহ নাগরিক সেবা বাস্তবায়ন হচ্ছে না। জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাকে দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান

মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম জনসচেতনা বাড়িয়ে প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলার জন্য সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দকেও আহবান জানিয়ে বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান তিনি।

উক্ত বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এম এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, মাওলানা মমতাজুর রহমান, ফখরে জাহান সিরাজী, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৯টি সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার