আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং নাগরিক সুযোগ–সুবিধা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (আকোয়া) নেতৃবৃন্দ। গত সোমবার সকাল ১০টায় নগরীর কোতোয়ালীস্থ সিডিএ ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন আকোয়ার প্রধান উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সভাপতি এস মোস্তফা আলম সরকার গুড্ডু, প্রথম সহ–সভাপতি ও সিডিএর বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়া হায়দার তুহীন প্রমুখ।
মতবিনিময়ে ঐতিহ্যবাহী আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা, পরিকল্পিত আবাসনব্যবস্থা, নাগরিক সুযোগ–সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় এলাকার ভবিষ্যৎ উন্নয়নকে এগিয়ে নিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সিডিএ চেয়ারম্যান তার সংশ্লিষ্ট উইং ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষে একটি কমিটি গঠন করে দেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আকোয়ার পক্ষ থেকে সিডিএ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি












