বর্ষাবাস শেষে দান–পুণ্য, ধর্মদেশনা ও প্রার্থনায় উৎসবমুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলো। গতকাল রোববার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলা সদরের ধর্মপুর আর্য বনবিহার, পানছড়ি অরণ্য কুটিরসহ বিভিন্ন বিহারে সমবেত হন পুণ্যার্থীরা। বুদ্ধমূর্তি দান, সংঘদান ও প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করেন তাঁরা।
সকাল থেকেই বিহারগুলোতে চলে ফুল নিবেদন, দান–দক্ষিণা, ধর্মদেশনা ও প্রার্থনা। অতীতের ভুল–ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনা করেন উপাসক–উপাসিকারা। ধর্মপুর আর্য বনবিহারের অধ্যক্ষ ভদ্দজী মহাস্থবির প্রধান ধর্মদেশনা দেন। এ ছাড়া দীপানন্দ স্থবিরসহ অন্য ভিক্ষুরাও ধর্মদেশনা করেন।
বিহারটির সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন, তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অতীতের ভুল–ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর বিভিন্ন বিহারে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। উৎসবে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, দান ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁরা জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।












