মহেশখালীতে ট্রলি উল্টে চাকার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল দশটায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) ডেকোরেশন শ্রমিকের কাজ করতেন, তিনি মুন্সির ডেইল গ্রামের মৃত তজু মিয়ার পুত্র।
জানা যায়, আনোয়ার হোসেন প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে সকাল দশটার দিকে ডেকোরেশনের দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি নিয়ে ফকিরাঘোনায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে নিচু গর্তে পড়ে ট্রলি উল্টে তিনি চাকার নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, সকালেই তিনি তার দোকানের ৬ জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মাঝপথে এমন দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, আনোয়ার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। গত দেড় বছর ধরে তিনি আমার ডেকোরেশন কাজ করে আসছিলেন।
নিহত আনোয়ার হোসেনের মা জানান, তার ছেলে মাত্র ছয় মাস আগে বিয়ে করেছে।












