চট্টগ্রাম জেলা পরিষদ ২০২৬–২৭ অর্থবছরে জেলার ২২৬ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রায় ৩০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেবে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। খবর বাসসের।
জেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারের নীতিমালা অনুযায়ী, প্রতিবছর শিক্ষাবৃত্তি খাতে ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। এ জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বৃত্তি বাছাই কমিটির আহবায়ক খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে গত ৪ আগস্ট আবেদন যাচাই–বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করে।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২৭১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৫৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ২০২৪ সালের উত্তীর্ণ ১০১ জন এবং ২০২৫ সালের উত্তীর্ণ ৫২ জন। এ ছাড়া স্নাতক বা সমমান পর্যায়ের ৩৫ জন এবং স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের ৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য সুপারিশ করা হয়। সব মিলিয়ে বৃত্তি পাচ্ছেন ২২৬ জন।
বৃত্তির আওতায় কলেজ পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থী ১২ হাজার টাকা, স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থী ১৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের শিক্ষার্থী ১৬ হাজার টাকা করে পাবেন।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এবং উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। এ আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।












