৪ দিনের জাপান সফরে প্রধানমন্ত্রী

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গতকাল রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সমপ্রসারণের লক্ষ্যে জাপান সফরে যাচ্ছেন তিনি। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রেস উইং আরও জানিয়েছে, তারেক রহমান জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর পর ওই দিনই জাপানি নেত্রী তাকাইচির কার্যালয়ে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’–এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান এবং অন্য সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিগণ।

পূর্ববর্তী নিবন্ধশাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত