চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব এবং কিশোর গ্যাং কালচারমুক্ত একটি নিরাপদ ও বসবাসযোগ্য চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠনটির চট্টগ্রাম মহানগরের নবাগত আহ্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষে গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বকতিয়ার হোসেন। তিনি বলেন, ৫ আগস্টের আগে চাঁদাবাজির কারণে আওয়ামী লীগের কর্মীরা নিজ দলের হাতেই খুন হতো। একই দলের এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করতো। ৫ আগস্টের পরও হচ্ছে, যেটা বর্তমান সরকারে থাকা বিএনপির এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে চাঁদাবাজি, দখলদারিত্ব নিয়ে। কিছুদিন আগে চান্দগাঁও এলাকায় একটা খুন হয়েছে, যেটা বিএনপিরই এক পক্ষ আরেক পক্ষকে, চাঁদাবাজি নিয়েই এই খুনের ঘটনা ঘটিত হয়।
তিনি বলেন, আমরা যুবশক্তি এসব চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে চাই। যুবশক্তি বাংলাদেশে এমন একটা সংগঠন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো রেকর্ড নাই। চাঁদাবাজি, দখলদারিত্ব, বিভিন্ন টেন্ডারবাজি এগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা।
সংবাদ সম্মেলনে যুবশক্তির এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানা ও ওয়ার্ডভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তোলা, যুবকদের দক্ষ করে তুলতে থানাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, স্বেচ্ছায় রক্তদান নেটওয়ার্ক স্থাপন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা এবং ব্যাপক মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ।
এছাড়া চাঁদাবাজি রোধ, জলাবদ্ধতা, যানজট নিরসন, চট্টগ্রাম মেডিকেলের অব্যবস্থাপনা, পরিবেশ দূষণ ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে জনমত সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচির মাধ্যমে জনস্বার্থে ভূমিকা রাখার পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বকতিয়ার হোসেন বলেন, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এবং পুরাতন দল আছে প্রত্যেকটারই যুব উইংসটা টিকে থাকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে। সেক্ষেত্রে আমরা টোটালি এই বিষয়গুলোকে এভয়েড করব। আমরা সবাই চাই একটা পরিবর্তন। কিশোর গ্যাং নিয়ে তিনি বলেন, দল ভারী করার উদ্দেশ্যে কোনো কিশোর গ্যাং বা অপরাধী চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না। সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্য নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে জাতীয় যুবশক্তি বদ্ধপরিকর। তরুণদের এ অমিত শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, কর্মসংস্থানবান্ধব ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে তারা কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। মহানগর যুবশক্তির সদস্য সচিব মো. ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইরফাত ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর শোয়েব ও সদস্য সচিব আরিফ মইনুদ্দিন, উত্তর জেলার আহ্বায়ক আকরামুল হক ও সদস্য সচিব আব্দুল করিম টিপু এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব খান তালাত রাফি।












