সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

পাহাড়তলী টেক্সটাইলস জামে মসজিদের আয়োজন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও মহান শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নগরীর উত্তর পাহাড়তলীর ইস্পাহানি কমপ্লেক্সের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস জামে মসজিদের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং সীরাত প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন ঢাকার নিউ মার্কেট জামে মসজিদের খতিব ও ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জিএম ড. গোলাম মোস্তফা এবং আল জামিয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতামা ফিরোজ শাহ বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সানাউল্লাহ। উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল।

অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবনাদর্শ, নৈতিক শিক্ষা, মানবিকতা, সততা, ন্যায়বিচার ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে শিশু–কিশোর ও তরুণ প্রজন্মের মাঝে মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের অনুপ্রেরণা সৃষ্টি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের মহানবীর (সা.) জীবন ও কর্ম সম্পর্কে জ্ঞানার্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর মির্জা আহমেদ উচ্চ বিদ্যালয়ে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রেণীভিত্তিক তিনটি বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় তিনটি বিভাগ থেকে পাঁচজন করে মোট ১৫ জন বিজয়ীকে আর্থিক পুরস্কার, বই ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ডিজিএম (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) ও সীরাতুন্নবী ২০২৬ আয়োজক কমিটির সভাপতি শওকত সাদেক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাহাড়তলী টেক্সটাইলস জামে মসজিদের পেশ ইমাম লুৎফুর রহমান শিবলী। উপস্থাপনায় ছিলেন পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ওয়াহিদুর রহমান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের স্বপ্ন দেখাতে শিল্পীদের ড্রিমস্কেপ কর্মসূচি
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ এক্সেস রোডকে ‘জাতিসংঘ সড়ক’ নামকরণের প্রস্তাব