অবৈধ দখলে সংকুচিত রাঙ্গুনিয়ার ফুলতলী-রাবার ড্যাম সড়ক

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া এলাকায় ফুলতলী বাজার থেকে শিলক রাবার ড্যাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। সড়কজুড়ে কাদা–মাটি, কোথাও ইট বিছানো, আবার কোথাও সিসি ঢালাইয়ের তালিজোড়া অবস্থায় স্থবির হয়ে পড়েছে এলাকার অন্তত সহস্রাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। একই সাথে দুই পাশের অধিবাসীদের অবৈধ দখলের কারণে সড়কটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়ায় জরুরি সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, এই সড়ক দিয়েই যাতায়াত করেন মনু চৌধুরী বাড়ি, সিকদার বাড়ি, কাজী বাড়ি ও নাথ পাড়াসহ একাধিক গ্রামের শত শত মানুষ। পথে রয়েছে মনু চৌধুরী বাড়ি জামে মসজিদ, সিকদার বাড়ি জামে মসজিদ ও নাথ পাড়া সর্বজনীন কালী মন্দিরসহ একাধিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়া উপজেলার পর্যটন ও কৃষির জন্য জনগুরুত্বপূর্ণ শিলক রাবার ড্যামে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যমও এই সড়ক।

তবে মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটিতে রয়েছে অন্তত ১১টি বিপজ্জনক ‘এল’ (খ) আকৃতির মোড়। অনিয়ন্ত্রিত দখল প্রক্রিয়ার কারণে এসব মোড় অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে, যার ফলে সাধারণ যানবাহন তো দূরের কথা–লাশের গাড়ি, মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের জরুরি গাড়িও প্রবেশ করতে পারে না।

সমপ্রতি কাতারে হৃদরোগে মারা যাওয়া স্থানীয় প্রবাসী টিপু সুলতানের মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি সংকুচিত সড়ক ও মোড়গুলোতে আটকে যাওয়ায় শেষ বিদায়েও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ ঘটনায় স্থানীয় প্রবাসী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধবাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশিশুদের মাঝে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের খাদ্য বিতরণ