শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জনের জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, বরং স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকতা, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায় অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
গত ২০ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানার্জন, আত্মবিশ্লেষণ ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ডাকসুর জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, চবির প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।












