দত্তক নিতে শতাধিক পরিবারের আবেদন

মহাসড়কের পাশে নবজাতক

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতকটিকে দত্তক নিতে ইতিমধ্যে শতাধিক পরিবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক আবেদন জানিয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে চিকিৎসাধীন আছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঝোপঝাড়ের ভেতর থেকে শিশুটি উদ্ধারের পর থেকেই তাকে লালন–পালনের দায়িত্ব নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিঃসন্তান দম্পতিসহ অসংখ্য আগ্রহী মানুষ ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, নবজাতকটিকে উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতিমধ্যে শতাধিক পরিবার আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের কাছে আবেদন জমা দিয়েছে।

দত্তক দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে ইউএনও আরও বলেন, আমরা নিয়মানুযায়ী আবেদন করা পরিবারগুলোকে ডেকে তাদের সাক্ষাৎকার গ্রহণ করব। এরপর সব দিক বিবেচনা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য পরিবারের কাছে শিশুটিকে দত্তক দেওয়া হবে। তবে দত্তক দেওয়া হলেও বাচ্চাটির ভবিষ্যৎ ও সুরক্ষার কথা চিন্তা করে প্রশাসন সবসময় তার খবরাখবর রাখবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে শিশুটির কান্নার আওয়াজ শুনে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একদিন বয়সী এই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে এভাবে ফেলে যাওয়ার পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাত ৮টায় বন্ধের সূচিতে ফিরছে দোকানপাট
পরবর্তী নিবন্ধনভেম্বরের শুরুতে আসছে শীতের সুখবর