ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান তাঁর কর্মের মাঝেই বেঁচে থাকবেন

স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, কিংবদন্তি ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ ও লেখক প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যু বার্ষিকী ছিল ২১ অক্টোবর বুধবার। সেদিন সন্ধ্যায় সংস্থার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি হাসান মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দৈনিক পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গনি মনসুর এবং দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক এবং চমকস এর অ্যাডহক কমিটির সদস্য রুশো মাহমুদ। সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফরিদ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রফেসর শায়েস্তা খানের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রফেসর শায়েস্তা খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন চট্টগ্রামের উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান, সিজেকেএস কাউন্সিলর এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম, আব্দুল হান্নান আকবর ও আ ন ম ওয়াহিদ দুলাল, মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান ও যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান এবং মরহুম শায়েস্তা খানের সুযোগ্য পুত্র ডা. ইশতিয়াক আজিজ খান। সভায় বক্তারা বলেন, প্রফেসর শায়েস্তা খানের অবদান, আদর্শ, কর্মময় জীবন এবং সকলের প্রতি ভালোবাসা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

সরকারী কোনো প্রণোদনা ছাড়া কিভাবে খেলোয়াড় তৈরি করতে হয় তা, তিনি করে দেখিয়েছেন। তাঁর কর্মেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন। সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিত্ত ছায়া মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসা ও বস্ত্রদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার