বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠে শোনা যায় বড় স্বপ্নের কথা। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই স্বপ্নের প্রতিফলন কতটা? সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দুই হারে বিদায়ের পর প্রশ্নটি আবারও সামনে এসেছে। এবার নিজেদের ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে পরাজিত হয়েছিল দল। দুই ম্যাচে দুই হারে ফাইনালে ওঠার আগেই শেষ হয়েছে বাংলাদেশের যাত্রা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতার পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজের হতাশা লুকাননি হৃদয়। তিনি বলেন, ‘যখনই আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই। এই ক্ষুধাটা সবার মধ্যেই আছে। কিন্তু আমরা শুধু মুখেই বলি, আমাদের কাজে সেটার প্রতিফলন দেখা যায় না।’ হৃদয়ের এই বক্তব্য যেন বাংলাদেশের ক্রিকেটের পরিচিত সমস্যাটিকেই নতুন করে সামনে আনল। বড় আসরের আগে প্রত্যাশা তৈরি হলেও মাঠের পারফরম্যান্সে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না দল। বিশেষ করে দেশের বাইরে খেলতে গেলে ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে উঠছে। চলতি সিরিজেও বাংলাদেশের বিদায়ের পেছনে বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। দুই ম্যাচেই ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তো শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটসম্যানদের দায়ের কথাও স্পষ্টভাবে বলেছেন হৃদয়। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে দায়ী করতে না চাইলেও দলের ব্যাটিং নিয়ে তার মূল্যায়ন ছিল কঠোর। হৃদয় বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো জায়গার দিকে আঙুল তুলতে চাই না। তবে পরিষ্কারভাবে বলতে গেলে, সমস্যা আমাদের ব্যাটসম্যানদের। শেষ দুই ম্যাচে আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আর সে কারণেই পুরো দলকে ভুগতে হয়েছে।’ তবে সামপ্রতিক দুই ম্যাচের ফল দিয়ে পুরো দলকে বিচার করতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। তার মতে, দেশের মাটিতে সামপ্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভালো করেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের সর্বশেষ পাঁচটি ওয়ানডে সিরিজের চারটিতে জিতেছিল দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সাফল্যও রয়েছে। কিন্তু দেশের বাইরে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারছে না বাংলাদেশ। হৃদয় বলেন, ‘এক–দুটি ম্যাচ বা সিরিজের ভিত্তিতে দলের কী হয়েছে, সেটা বলতে চাই না। দল ভালো অবস্থাতেই আছে। তবে আমি আগেও বলেছি, সামপ্রতিক সময়ে দেশের বাইরে আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে, সেটা স্পষ্ট।












