চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৩৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেঞ্জ পুলিশ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রেঞ্জ পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, আগের মামলায় ৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে সাতজন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯২ জন, সাজা পরোয়ানামূলে নয়জন এবং মাদকসংক্রান্ত মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলা হয়, মাদকবিরোধী অভিযানে ১৭টি মামলা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রেঞ্জ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় একজন এবং নোয়াখালীতে দু’জন রয়েছেন। কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৪৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। জেলা ভিত্তিক হিসাবে কিশোর গ্যাং বিরোধী অভিযানে চট্টগ্রামে ২৩ জন, কঙবাজারে ১২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, নোয়াখালীতে আটজন, লক্ষ্মীপুরে ছয়জন, রাঙামাটিতে দু’জন এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয় বলেও জানায় রেঞ্জ পুলিশ।












