কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে একটি বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনী নামে একটি সশস্ত্র চক্রের বিরুদ্ধে। গত বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই চাচাতো ভাই আহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছর বয়সী আহমেদ নুর গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আহমেদ নুর ওই এলাকার রাজা মিয়ার ছেলে এবং আরাফাত মোস্তাকের ছেলে।
আহতদের চাচা হাফেজ জয়নাল জানান, ওই দিন রাতে মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজার সীমান্তসংলগ্ন খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ও সালেহকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন তিনি। এরপর ভয়ে বাড়িতে ফিরে আসেন মোস্তাক।
মোস্তাক বাড়িতে ফিরে আসার খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে মান্নান ও সালেহর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি হাফেজ জয়নালের বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলা চালায় বলে অভিযোগ করেন জয়নাল। এ সময় শিশু আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করা হয়। পুলিশ আসছে–এমন খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান হাফেজ জয়নাল।
তিনি আরও জানান, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কঙবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত কঙবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বক্তব্য জানতে মান্নান ও সালেহর দলের কাউকে এলাকায় পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, ৯৯৯–এ কল পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।












