মদিনা ও পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি গতকাল এক্সে এক পোস্টে লিখেছেন, সৌদি আরবের দিকে ছাড়া চারটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। খবর বিডিনিউজের।

আল অ্যারাবিয়া জানিয়েছে, এরপর দ্বিতীয় আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের পূর্বাঞ্চলে ও মদিনায় ঘটনাগুলো ঘটেছে। এরপর পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করেছেন তারা।

রয়টার্স জানিয়েছে, গতকাল ইয়েমেনের হুতিরা জানায়, সৌদি আরবের পবিত্র শহর মদিনার দিকে কোনো ড্রোন ছোড়েনি তারা আর সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানও পরিচালনা করেনি।

ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী এর আগে পূর্বাঞ্চল ও মদিনায় ড্রোন ধ্বংসের যে দাবি করেছিল তা প্রত্যাখ্যান করেছেন হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে এই লড়াই তীব্র আকার ধারণ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আরেকটি রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন লাখ ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
পরবর্তী নিবন্ধবিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে সুদানি ড্রোন হামলা, নিহত ১৫৩