রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সেন্ট্রাল সর্টিং সেন্টারে (ওয়্যারহাউজ) হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৭০–৮০ জনকে আসামি করে হাজারীবাগ থানায় মামলা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন মেন্ডি ডেন্টাল কলেজ রোড সংলগ্ন কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলার ঘটনা ঘটে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত ৭০ থেকে ৮০ জন এ হামলা ও ভাঙচুরে অংশ নেয়।
এসময় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও সার্ভার রুমসহ ব্যাপক ভাঙচুর এবং সিসকো কোর, রাউটার, এনভিআর, মনিটর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে মামলায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি কুরিয়ার সার্ভিসটির হাজারীবাগ সেন্ট্রাল সর্টিং সেন্টারের গেটে আসেন।
তারা সিকিউরিটি গার্ড মো. হারুন আর রশিদের কাছে অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের খোঁজ করেন। নিজাম উদ্দিন ডিউটিতে নেই জানালে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন।
অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সিকিউরিটিকে হুমকি–ধামকি দিয়ে চলে যান।
পরে ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ৩৫–৪০টি মোটরসাইকেলে ৭০–৮০ জন মাস্ক ও হেলমেট পরিহিত লোক ওয়্যারহাউজের পশ্চিম গেটে আসেন। তাদের মধ্যে ৪০–৫০ জন ভেতরে ঢুকে সিসি ক্যামেরা ও তার ছিঁড়ে আতঙ্ক সৃষ্টি করেন। বাকি ৩০–৪০ জন বাইরে অবস্থান নেন।












