বিরহের প্রগলভতা

খালেদা লিপি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

তুমি বিরহের কবিতা, মুখস্থ করার আপ্রাণ চেষ্টা করছি

কবিতার প্রতিটি শব্দ কষ্টকে ছুঁয়ে আছে,

কবিতা মুখস্থ করতে গিয়ে তোমার কষ্টকে ছুঁয়েছি।

গভীর গোপনে তোমার দু‘চোখে যে কান্নার শ্রাবণ,

দিব্য দৃষ্টিতে তা দেখে নিয়েছি।

দেখেছি হৃদয়ে জমানো মেঘ,

মেঘগুলো ভাসে না; স্থির হয়ে আছে

হয়তো তাই তোমার হৃদয়ে কখনও পূর্ণিমা হয় না,

মেঘের আড়ালে ঢেকে রয়েছে তারারাও।

তুমি বিরহের কবিতা

মুখস্থ করছি জেনেও কষ্টরা প্রগলভ নেচে যায়।

কষ্টরা হয়তো জানে, এমন দুঃসহ বিরহের

বসবাস থেকে তোমার উত্তরণের পথ নেই।

পূর্ববর্তী নিবন্ধএকমুঠো হেমন্তে এক আকাশ প্রেম
পরবর্তী নিবন্ধমুচকি