দিলীপ কুমার আগরওয়ালা চার দিনের রিমান্ডে

জুলাই হত্যাচেষ্টার মামলা

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চব্বিশের জুলাই আন্দোলনে আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

দিলীপ কুমার আগরওয়ালাকে গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সুমন মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ–পরিদর্শক হেলাল উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

এর আগে, গত সোমবার সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। পরদিন মঙ্গলবার গুলশান থানায় মানিলন্ডারিং আইনে করা মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

আ. জব্বার হত্যাচেষ্টা মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় আগরওয়ালা এজাহারনামীয় ৩১ নম্বর আসামি।

পূর্ববর্তী নিবন্ধটাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান : মুম্বাই পুলিশ
পরবর্তী নিবন্ধবান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়