ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত ও একই পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন জয়পুরহাট জেলার মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) ও তার মেয়ে নাজমা খাতুন (৪২)। নাজমা জয়পুরহাট জেলার জামালগঞ্জ গ্রামের আসলাম হোসনের স্ত্রী। আহতদের মধ্যে একজন হলেন মো. আলতাফ হোসেন (৫২)। বাকিদের নাম পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি নোহা মাইক্রোবাস বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের আনোয়ারা জুটমিলস এলাকা অতিক্রম করছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রোজী আক্তার ও তার মেয়ে নাজমা খাতুনসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজী আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বার–আউলিয়া হাইওয়ে থানার এসআই জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











