কাপ্তাই থেকে প্রতিদিন কোটি টাকার বাঁশ যাচ্ছে পার্বত্য এলাকার বাইরে

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাই জেটিঘাট থেকে প্রতিদিন কমপক্ষে কোটি টাকার বাঁশ পরিবহন হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এসব বাঁশ বিশেষ করে কাঁচা ঘরবাড়ি নির্মাণের জন্য নেওয়া হয়। তবে ঘর নির্মাণ ছাড়াও বেড়া নির্মাণ, খুঁটির কাজে ব্যবহার, বাঁশের আসবাবপত্র তৈরির কাজে ব্যবহারের জন্য বাঁশ নেওয়া হয় বলে জানা গেছে।

রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বাঁশের চালি বেঁধে লাখ লাখ বাঁশ প্রথমে কাপ্তাই জেটিঘাটে আসে। সেখান থেকে ট্রাক বোঝাই করে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়। এই বাঁশ পরিবহনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ লোকের কর্মসংস্থান জড়িয়ে আছে বলে জানা গেছে।

বাঁশ ব্যবসায়ী আবুল কাশেম জানান, রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি, ফারুয়া, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল, নিনিয়ারচরসহ বিভিন্ন এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ নিজস্ব পাহাড়ে বাঁশ বাগান করে থাকেন। তিন থেকে চার বছরের মধ্যে বাঁশ কর্তন করার জন্য উপযুক্ত হয়। ব্যবসায়ীরা বাগান ঘুরে পছন্দ অনুযায়ী বাগানের বাঁশ কিনে নেন। আবার কোনো কোনো ব্যবসায়ী এক বছর বা দুই বছর আগেই বাগান মালিক থেকে বাঁশ কিনে নেন। তবে কর্তন উপযুক্ত হবার আগে কিনলে কম দামে বাঁশ পাওয়া যায়। যে কারণে কোনো কোনো ব্যবসায়ী মালিকের কাছ থেকে আগেই বাঁশ বাগান কিনে রাখেন।

ব্যবসায়ী শাখাওয়াত হোসেন জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন। প্রতি বছর জুন, জুলাই এবং আগস্ট এই তিন মাস বাঁশ কর্তন ও পরিবহন বন্ধ থাকে। এছাড়া প্রায় প্রতিদিনই বাঁশ পরিবহন করা হয়। তিনি বলেন, একটি বাঁশ বাগান সৃজনের পর থেকে কর্তন এবং ব্যবহার পর্যন্ত বিভিন্ন স্তরে শতাধিক লোক জড়িত থাকে। তবে যে যেভাবেই সম্পৃক্ত থাকুক না কেন সবাইকে উপযুক্ত মজুরি প্রদান করা হয়।

গতকাল (২০ অক্টোবর) সরেজমিন কাপ্তাই জেটিঘাট পরিদর্শনে দেখা গেছে ১৭টি ট্রাক বাঁশ পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শ্রমিকরা ৩টি ট্রাকে বাঁশ বোঝাইয়ের কাজে ব্যস্ত আছেন। ৪টি বাঁশ বোঝাই ট্রাক পরিবহনের জন্য প্রস্তুত হয়ে আছে। ট্রাক চালক মনির হোসেন বলেন, এই বাঁশ বোঝাই ট্রাকগুলো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবে। রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ লক্ষ কাঁচা ঘরবাড়ি নির্মাণ ও সংস্কারের জন্য কোটি কোটি বাঁশের প্রয়োজন হয়। কাপ্তাই জেটিঘাট থেকে উখিয়া পর্যন্ত প্রতিটি ট্রাক ভাড়া পড়ে প্রকার ভেদে ৪০ থেকে ৫০ হাজার টাকা। একটি ট্রাকে প্রায় ২৫ হাজার বাঁশ লোড করা হয়। শুরুতে বাগান থেকে যে বাঁশ ১০/১২ টাকা দরে ক্রয় করা হয় সেই বাঁশ উখিয়া পর্যন্ত পৌঁছতে শত টাকারও বেশি খরচ পড়ে যায়। কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের প্রাক্তন ডিএফও আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, বাঁশ পার্বত্য চট্টগ্রামের একটি প্রধান অর্থকরী ফসল। পার্বত্য বনাঞ্চল সমৃদ্ধ হবার পেছনে এই বাঁশের গুরুত্ব অপরিসীম।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কেটে মাটি পাচার
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা