মহেশখালীর আদিনাথ জেটিতে বেপরোয়া গতির টমটম চাপায় নরসিংদী থেকে ঘুরতে আসা আফরিন সুলতানা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আয়ান (৭) নামে তার এক চাচাতো ভাই আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আদিনাথ মন্দির সংলগ্ন আদিনাথ জেটিতে এ ঘটনা ঘটে। নিহত আফরিন নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আল আমিন ও হাসিনা আহমেদ দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী থেকে ১১ সদস্যের একটি পর্যটক পরিবার কঙবাজারে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে নদীপথে মহেশখালী দ্বীপ ভ্রমণে গিয়ে তারা আদিনাথ মন্দিরসংলগ্ন জেটিতে ওঠেন। পরিবারের সদস্যরা জেটিতে ছবি তোলার সময় পেছন থেকে দ্রুতগতির একটি টমটম দুই শিশুকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
পরে দুই শিশুকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফরিন সুলতানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বেড়াতে আসা পরিবারটির আনন্দ বিষাদে পরিণত হয়।
নিহত শিশুর বাবা আল আমিন জানান, পরিবারের সদস্যরা যখন ছবি তুলছিলেন, তখন জেটিতে খেলতে থাকা দুই শিশুকে পেছন থেকে এসে টমটমটি চাপা দেয়।
অভিযুক্ত চালকের নাম তাকিন। তিনি গোরকঘাটা জেটিঘাটের সিরিয়ালের নিয়মিত চালক এবং মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়াপাড়া এলাকার আজমের ছেলে।
মহেশখালী থানার উপপরিদর্শক সেলিম জানান, শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











