আনোয়ারায় বাড়ির উঠানে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক আহাম্মদ মৃত সৈয়দ সিরাজুল হকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানের বিভিন্ন গাছের ডাল কাটতে গাছে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, সোমবার সকালে নিজ বাড়ির উঠানে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে তার প্রতিবেশী সৈয়দ রফিক আহাম্মদের মৃত্যু হয়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, সকালে রফিক আহমদ নামে এক আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।












