টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ১৮ অক্টোবর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সমপ্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী নাহিদা। বাংলাদেশের নারী টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১৩টি টি–টোয়েন্টি। তার শিকার ১৩২ উইকেট। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এদিকে নারী টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর খেলেছেন ৭২টি টি–টোয়েন্টি। এই সংস্করণে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন সোবহানা। তাঁর আগে এই অর্জন ছিল নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের। নতুন অধিনায়ক ও সহ–অধিনায়কের সামনে প্রথম বড় দায়িত্ব আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে জেসিটিএ, ব্রাদার্স, বাদশা মিয়া স্মৃতি ও শতাব্দী
পরবর্তী নিবন্ধদেবীরূপে পরীমণি, দিলেন শুভ শক্তির জয়ের বার্তা