লোহাগাড়ায় একটি করাতকলে অভিযান চালিয়ে ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ। একই দিনে পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
গত শনিবার দিনব্যাপী পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুল রহমান ভূঁইয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টংকাবতী ও হাঙ্গর বিট কর্মকর্তা এবং ডলু, টংকাবতী ও হাঙ্গর বিটের বন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, টংকাবতী বিটের আওতাধীন কলাউজান বাজারের একটি করাতকলে অভিযান চালিয়ে ২৫ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয়। পরে জব্দকৃত কাঠ পদুয়া রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, হাঙ্গর বিটের আওতাধীন পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া মুন্সির মোড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি বসতবাড়ি উচ্ছেদ করে আনুমানিক এক একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
টংকাবতী বনবিট কর্মকর্তা ইমন বিল্লাহ জানান, জব্দ করা কাঠের বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।










