খাগড়াছড়িতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় এসব ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এর মধ্যে রয়েছে ১০ তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন এবং ছয় তলাবিশিষ্ট দুটি ছাত্রাবাস। ভবনগুলো চালু হলে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষার সুযোগ সমপ্রসারণের পাশাপাশি কারিগরি শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হব।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে আমরা আজকে শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে এই জেলাতে ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। চট্টগ্রাম বিভাগে আমাদের এইখানেই শুধু একটা কলেজ হচ্ছে। তাহলে সারা বাংলাদেশে চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এর মধ্যে আমরা সৌভাগ্যবান, খাগড়াছড়িবাসী আমরা একটা পেয়েছি। এবং সেটা আমরা নির্মাণ কাজ শুরু হয়ে যাবে, আজকে থেকেই শুরু হয়ে যাবে। তাহলে সে দিক থেকে আমরা গৌরবান্বিত বোধ করতে পারি। যে আমাদের এই পাহাড়ে একটি উচ্চ শিক্ষার সুযোগ হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে এখানে ভর্তি হতে পারবে এবং এখান থেকে বড় ইঞ্জিনিয়ার হয়ে আমাদের দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে। আর বিশেষ করে শিক্ষার আমাদের জেলায় একটা বৈপ্লবিক পরিবর্তন এই কলেজের মাধ্যমে আসবে বলে আমরা আশা করি। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি একাডেমিক ভবন ও দুটি ছাত্রাবাসসহ মোট পাঁচটি ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদকাল ২০২৮ সাল পর্যন্ত। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে ৭০০ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা পাবে।











