কর্ণফুলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মো. হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হাসান আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী এলাকার মো. সেলিমের ছেলে। তিনি গত পাঁচ মাস ধরে পরিবার নিয়ে খোয়াজনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাসায় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









