বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মো.এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়ার এলাকার সন্দেহভাজন পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২)কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে পরে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে দিয়ে দেওয়া হয়। নিখোঁজ এহসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে।

নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তার পরিবার। তবে তারা মিডিয়ায় কোনো ধরনের বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

স্থানীয় সমাজকর্মী শামীম উল্লাহ আদিল জানান, মো. এহসান প্রকাশ হাসানের পরিবারের বেশ কয়েকজন প্রবাসে থাকায় এলাকায় অর্থশালী হিসাবে পরিচিত। এ সুযোগকে কাজে লাগিয়ে কোনো কুচক্রিমহল তাকে নিয়ে গেছে বলে তার ধারণা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতে প্রেমবাজার এলাকায় আব্দুল্লাহ এন্টারপ্রাইজের অফিসে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি ঢুকেন। তাঁদের মধ্যে দুজন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অপর দুজন বাইরে অবস্থান করছিলেন। তাঁদের পোশাকে এসআরবির লোগো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাদের দাবি সেটি ফেইক ছিল।

সূত্রে জানা যায়, হাসান দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।

হাসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, এসআরবি পরিচয়ে যাঁরা আমার ভাইকে নিয়ে গেছেন, তাঁরা প্রকৃত এসআরবি সদস্য নন। কারা এবং কী কারণে তাঁকে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আমরা দ্রুত তাঁর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন চাই।’

এদিকে এসআরবি –৭ চট্টগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বাঁশখালীর উক্ত এলাকায় এসআরবির কোনো অভিযানই পরিচালিত হয়নি।

বাঁশখালী থানা–পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁরা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবার তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে। বাঁশখালী থানার অফিসার (ওসি) মো. রবিউল হক রবিবার রাত সাড়ে ৮টার দিকে দৈনিক আজাদীকে বলেন, ‘নিখোঁজ ব্যবসায়ী হাসান পরিবারের সদস্যদের সাথে নানা ভাবে কথা বলছেন। যারা তাকে নিয়ে গেছে তারা নানাভাবে টাকা দাবি করেছে বলে জানতে পেরেছি। আমরা এখনও তার সঠিক অবস্থান নিশ্চিত করতে পারিনি।’ তিনি ব্যবসায়ী হাসানকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি মামলায় আত্মসমর্পণের পর বগা কারাগারে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাপ্পি হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফসহ ৬ জন গ্রেপ্তার