দুর্গোৎসবে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজায় আজ মহাঅষ্টমী। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, এই আচারটি সেই মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয়, যখন দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন।

ঐতিহ্য মেনে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা যেখানে দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে পূজা করা হয়। নগরীতে পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী মায়ের পূজার আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল রোববারও ছিল মহাসপ্তমী। বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর শনি ও রোববার এই দুই দিন জুড়ে ‘মহা সপ্তমী’ তিথি থাকায় এ বছর দুইদিনব্যাপী মহা সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার শুরু হয় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে আগামী ২১ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না
পরবর্তী নিবন্ধপ্রাণ বাঁচাতে দোতলা থেকে লাফ দেন শায়ান দম্পতি