বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার পুলিশ গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহরের মধ্যম পাড়ার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে শৈক্যচিং মার্মা জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার রাতে শহরের মধ্যম পাড়ার নিজ বাড়ি থেকে শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন ধর্ষণের অভিযোগে শিকার এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ জানায়, টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রিসোর্টে নিয়ে গত পাঁচ মাস ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে এনসিপি নেতা।

সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে শহরের শিশুপার্ক এলাকায় নিজ মালিকানাধীন সাইনী রিসোর্ট এ নিয়ে গিয়ে ওই নারীকে আবারো ধর্ষণ করে। পরে উভয়ের মধ্যে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ওই নারী বান্দরবান সদর থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, এনসিপির নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের বিনামূল্যে বই বিতরণ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এই চট্টগ্রাম