বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের বিনামূল্যে বই বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ হতে ১৬তম বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলমের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন, শেখেরখীল দারুচ্ছালাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসমাইলসহ কলেজের শিক্ষকবৃন্দ। বই বিতরণকালে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাস্টার নজির আহমদ ট্রাস্ট বিগত ১৬ বছর ধরে ছাত্র–ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে। ট্রাস্টের এই উদ্যোগে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ছাত্র–ছাত্রীদেরকে বই পড়ার অভ্যাস নতুনভাবে পুনরায় শুরু করার জন্য আহ্বান জানান এবং জ্ঞান অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে অধ্যবসায়ের মাধ্যমে সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার পরামর্শ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে