খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে গতকাল একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এসময় কচুছড়িমুখ পাড়া এলাকায় টহলদলটি সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে আসা সন্দেহভাজন একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর বাসসের।
টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দু’টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










