নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল প্রবাসীর মরদেহ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মো. ফারুক উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার জাফতনগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর মুফতি বাড়ি এলাকার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক উদ্দিন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি সমপ্রতি দেশে আসেন। পরিবারের সদস্যরা জানান, দেশে ফেরার পর তিনি স্ট্রোক করেন। এরপর থেকে হাঁটাচলার সময় শরীরের ভারসাম্য রাখতে পারতেন না। চলাফেরার সময় প্রায়ই পড়ে যেতেন তিনি। ২ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফারুক উদ্দিন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচলছে সোনালি অধ্যায় ফেরানোর প্রক্রিয়া
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী