হুতিদের ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে চীন?

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা নিজস্বভাবে উন্নত মাঝারি–পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এ অস্ত্র তৈরিতে তারা ব্যবহার করছে চীনের বানানো যন্ত্রাংশ। খবর বিডিনিউজের।

ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল হলে সৌদি আরব ও ইসরায়েলের যে কোনও স্থানে হামলা চালাতে পারবে হুতিরা। এটি হুতিদের এমন এক প্রযুক্তিগত অগ্রগতি যা তাদের হামলার হুমকি আরও বাড়িয়ে দেবে। ব্রিটিশ অস্ত্র–নজরদারি সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর)- এর মূল্যায়ন প্রতিবেদন উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানিয়েছে। প্রতিবেদন এমন এক সময়ে এসেছে যখন সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে।

সৌদি আরবজুড়ে বিমানবন্দর এবং জ্বালানি কেন্দ্রগুলো ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এ সপ্তাহের শেষ দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার মাধ্যমে সামপ্রতিক দফায় লড়াই শুরু হওয়ার ঘটনায় ১৩ জন নিহত হয় এবং ২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ এই হামলার কারণে বিমান চলাচল স্থগিত করা হয়। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর)-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতি গোষ্ঠী চীনা যন্ত্রাংশ ব্যবহার করে ইরানের তৈরি খাইবার শেকান নিখুঁত লক্ষ্যভেদী (প্রিসিশন গাইডেড) ক্ষেপণাস্ত্রের আরও দীর্ঘ পাল্লার একটি সংস্করণ তৈরির চেষ্টা করছে।

নতুন ক্ষেপণাস্ত্রটির পাল্লা হবে প্রায় ১,৯০০ কিলোমিটার (১,২০০ মাইল)। এর মানে হল, ইয়েমেন সীমান্ত থেকে অনেক দূরে থাকার পরও এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, সৌদি আরব এবং পারস্য উপসাগরের অন্যান্য দেশগুলোতে অনায়াসেই হামলা চালানো সম্ভব হবে। খাইবার শেকান বা খাইবার–বংশক নামকরণ করা হয়েছে সৌদি আরবের একটি ঐতিহাসিক ইহুদি দুর্গের নামানুসারে, যা ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধারা জয় বা অবরুদ্ধ করেছিল। ইরান তাদের তৈরি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকান রেখে মূলত ওই ঐতিহাসিক বিজয়কেই ইঙ্গিত করেছে। ক্ষেপণাস্ত্রের বর্তমান পাল্লা ১,৪৫০ কিলোমিটার (৯০০ মাইল)। তার মানে এটি উপসাগরীয় দেশ এবং ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সহজেই পৌঁছাতে পারে। এটিকে খুব দ্রুত যুদ্ধের জায়গায় নিয়ে গিয়ে চালু করা যায়।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ