শাহ আমানত বিমানবন্দরে চুরি, মালামালসহ যুবক আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে চুরি করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় মামলা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরি করা মালামাল উদ্ধার করা হয়। পরে আনসার সদস্য সাদাম হোসেন মুঠোফোনে আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি জানান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের (টাস্কফোর্স) পাঁচজন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

একই সময়ে ই/এম শাখার উপসহকারী প্রকৌশলী পলাশ পালের সহযোগিতায় এরোনেসের ৫ থেকে ১০ জন কর্মী এবং সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল মুঠোফোনে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনকে ঘটনাটি জানান। পরে পরিচালক ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুসন্ধান দলটি ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়। আটক মোহাম্মদ আজিজুর রহমান বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জব্দ করা মালামালসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে পতেঙ্গা মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাজেরা-তজু স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা