হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বইমেলা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাহহার। তিনি তার বক্তব্যে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিজ্ঞান মেলা ও বইমেলার আয়োজন করার সুপারিশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সাফল্যের যথাযথ মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবু তৈয়ব ও চিটাগাং কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আলমগীর সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. ইমরান। এ সময় হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. আলমগীর বলেন, ‘শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বিজ্ঞানচর্চা ও বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হলে তাদের জন্য উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সুন্দর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করতে, নতুন কিছু শিখতে এবং নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে।’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি বিজ্ঞানচর্চা, বইপড়া এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ। শিক্ষার মানোন্নয়ন, মেধার স্বীকৃতি এবং সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি করে।–বিজ্ঞপ্তি।










