‘রবি বোলার হান্ট’ ২০২৬–এর চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাগরিকার মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবির যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী এ প্রতিযোগিতার এটি ছিল শেষ বাছাইপর্ব। চট্টগ্রাম পর্বে পেসার ও স্পিনার মিলিয়ে মোট ৯ জন বোলার পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চারজন পেসার ও পাঁচজন স্পিনার। নির্বাচিত স্পিনারদের মধ্যে একজন নারী প্রতিযোগীও রয়েছেন। বাছাইপর্ব উপলক্ষে ঢাকা থেকে বিসিবির ১২ জন কোচ চট্টগ্রামে আসেন।
নির্বাচিত চার পেসারের মধ্যে আশরাফুল ইসলাম সর্বোচ্চ ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে বল করেছেন। হাবিবুন নবী সোহেলের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। মো. সাদ্দাম ঘণ্টায় ১২৯ কিলোমিটার এবং নাইম চৌধুরী ঘণ্টায় ১২৭ কিলোমিটার গতিতে বল করেছেন। স্পিন বিভাগে নির্বাচিত হয়েছেন নীলা ইসলাম, রকিবউদ্দিন, আবুল হাসনাত, গোলাম আহাদ জুন্নুন ও মুহাম্মদ সাইফ। নীলা ডানহাতি অফ স্পিনার। রকিবউদ্দিনকে রহস্যময় বোলার হিসেবে বিবেচনা করা হয়েছে। আবুল হাসনাত ডানহাতি অফ স্পিনার, গোলাম আহাদ জুন্নুন ডানহাতি লেগ স্পিনার এবং মুহাম্মদ সাইফ চায়নাম্যান বোলার।
বাছাইপর্ব শেষে চট্টগ্রাম ট্রায়ালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নির্বাচিত বোলারদের মেডেল, সনদ ও একটি করে অটোগ্রাফ দেওয়া বল উপহার দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে এসব পুরস্কার তুলে দেন। অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার ডিরেক্টর শেখ মইনুল ইসলাম, রিজিওনাল হেড মো. আরিফুর রহমান, বিসিবি কাউন্সিলর ও সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান এবং সিনিয়র কোচ ও সাবেক জাতীয় খেলোয়াড় নুরুল আবেদিন নোবেল।
সারা দেশ থেকে নির্বাচিত বোলারদের পরবর্তী সময়ে ঢাকায় চূড়ান্ত পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকেই দেশের সেরা বোলারদের নির্বাচন করা হবে।










