প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই প্রথম চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে আসেননি। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তাসহ বিভিন্ন প্রস্ততি নিচ্ছে প্রশাসন। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, কোনো প্রধানমন্ত্রী হিসেবে ধর্মীয় উৎসবে এই ধরনের আগমন চট্টগ্রামে প্রথম। তাই তারেক রহমানের আগমন কেবল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং একটি অসামপ্রদায়িক, সাম্য ও সমপ্রীতির ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গঠনের বাস্তবিক প্রতিফলনের অংশ। এই সফর চট্টগ্রামের সমপ্রীতির বার্তা আরও সুদৃঢ় করবে।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম আজাদীকে বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সবাই উচ্ছ্বসিত। প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর সূচি : প্রধানমন্ত্রী রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আসবেন। এরপর ৬টায় তিনি জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন তিনি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।











