নগরীতে যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর অংশ হিসেবে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও ভবন মালিককে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চউক সূত্র জানায়, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করেন।
চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কার্যক্রমের কারণে সড়কে যানজট সৃষ্টি হওয়া কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
চউক চেয়ারম্যান জানান, নগরীর যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











