ডেঙ্গুতে দেশে একদিনে আরও ১০ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৪৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই প্রাণ গেছে ৮৬ জনের। এর আগে গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হন ২৩৮ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৫৬ জন, বরিশালে ১৯৫ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ২৩০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি : দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২ জন মারা গেছে। এর বাইরে ঢাকা ও বরিশাল বিভাগে মারা গেছে একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৮১ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৭৭ জন মারা গেছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
পরবর্তী নিবন্ধদিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ কর্মসূচি আজ