সৌদি আরবে হামলান ঘটনায় সৌদি সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি একাত্মতা ঘোষণা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজকে চিঠিও দেওয়া হয়েছে।
গতকাল ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউি অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশিদের হতাহতের প্রসঙ্গ ওঠে। এ ক্ষেত্রে সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
এছাড়া ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে যে আন্দোলন চলছে, তা নিয়ে ঢাকার ‘আপাতত’ কোনো বক্তব্য না থাকার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতের এই বিক্ষোভ ও সীমান্তবর্তী এলাকায় পুশ ইন আশঙ্কার প্রেক্ষাপট টেনে করা এক প্রশ্নে তিনি বলেছেন, বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নাই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা ভারতই ঠিক করবে।
মক্কা–মদিনার সুরক্ষার জন্য যেকোনো ধরনের সামরিক–বেসামরিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার নীতিগত অবস্থানের কথা এর আগে বলেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সে প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সলিডারিটি নিয়ে আছি, সারা বিশ্ব–আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার উপরে কাজ করে। সেই জায়গা থেকে অবশ্যই আমরা মক্কা–মদিনার যদি এরকম কোনো হুমকি আসে আমরা যারা বাংলাদেশি, মুসলমান আছি, আমরা তো বসে থাকব না।












